হোসেনপুরে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার | হোসেনপুর
জুন ২৩, ২০২৬
হোসেনপুরে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

কিশোরগঞ্জের হোসেনপুরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে কাশেম (৫৮), মো. ইমন মিয়া (২৩) এবং মো. রফিক (৫০) নামে তিনজনকে গাঁজাসহ আটকের পর মোবাইল কোর্টে জেল-জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকালে হোসেনপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মোবাইল কোর্টে কাশেমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মো. ইমন মিয়া ও মো. রফিককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

দণ্ডিতদের মধ্যে কাশেম হোসেনপুর উপজেলার দীপেশ্বর এলাকার মৃত আব্দুলের ছেলে, মো. ইমন মিয়া পূর্ব দীপেশ্বর এলাকার হাসিম উদ্দিনের ছেলে ও মো. রফিক দীপেশ্বর এলাকার মৃত আব্দুল মুতালিবের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. এনায়েত হোসেন জানান, হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বাংলাদেশ আনসার বাহিনীর মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে মঙ্গলবার (২৩ জুন) বিকালে হোসেনপুর মোরগ মহল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ কাশেম, মো. ইমন মিয়া ও মো. রফিক এই তিনজনকে আটক করা হয়।

এ সময় তাদের মোবাইল কোর্টের মাধ্যমে জেল-জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা।