কিশোরগঞ্জের হোসেনপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (২১ জুলাই) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভ’র সভাপতিত্বে এতে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বক্তারা৷
সভাতে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা বিদ্যমান সমস্যা ও তা সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন।
সভায় কিশোর গ্যাং, মাদক, ইভটিজিং প্রতিরোধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া চুরি ও ছিনতাই বন্ধে রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং কার্যক্রম আরও সক্রিয় করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা এবং পৌর সদর বাজারের ফুটপাত হকার মুক্ত করার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে৷
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভাবে কাজ করতে হবে।
সভায় হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিন, যুগ্ম আহ্বায়ক এডভোকেট মো. মনিরুল হক রাজন, কিশোরগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি এডভোকেট মাজহারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম সবুজ, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আমিনুল ইসলাম, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান উপস্থিত ছিলেন।