কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় হালিমা (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
গত ১৫ নভেম্বর (রোববার) সকাল ৮টার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হালিমা ওই এলাকার আলমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে ঘটনার দিন সকালে প্রতিপক্ষের লোকজন বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে ধান কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের মারধরে হালিমা গুরুতর আহত হন বলে অভিযোগ উঠেছে।
পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ নভেম্বর (মঙ্গলবার) ভোররাতে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’