হোসেনপুরে গাঁজা ও ড্যান্ডি খাওয়ার সরঞ্জামসহ আটক তিনজনের জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার | হোসেনপুর
নভেম্বর ১৬, ২০২৬
হোসেনপুরে গাঁজা ও ড্যান্ডি খাওয়ার সরঞ্জামসহ আটক তিনজনের জেল-জরিমানা

কিশোরগঞ্জের হোসেনপুরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে গাঁজা এবং ড্যান্ডি খাওয়ার সরঞ্জামসহ শরীফ (৩০), মো. মোস্তাকিম (২০) ও মো. ওয়াসিম মিয়া (৩৬) নামে তিনজনকে আটকের পর মোবাইল কোর্টে জেল-জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকালে হোসেনপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কিশোরগঞ্জ এর ‘ক’ সার্কেল ও বাংলাদেশ আনসার বাহিনী উপজেলার বিভিন্ন এলাকায় এই টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।

অভিযানে আটক তিনজনকে মোবাইল কোর্টের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন পৃথক সাজা দেন।

তাদের মধ্যে শরীফকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, মো. মোস্তাকিমকে এক মাসের বিনাশ্রম করাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা এবং মো. ওয়াসিম মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

দণ্ডিতদের মধ্যে শরীফ হোসেনপুর উপজেলার ডাহরা আদর্শপাড়ার মৃত হযরত আলীর ছেলে, মো. মোস্তাকিম পূর্ব দ্বীপেশ্বরের মৃত আজম মিয়ার ছেলে এবং মো. ওয়াসিম মিয়া পদুরগাতির তাহের উদ্দিনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. এনায়েত হোসেন জানান, মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ২০ গ্রাম গাঁজা এবং ড্যান্ডি খাওয়ার সরঞ্জামসহ শরীফ, মো. মোস্তাকিম ও মো. ওয়াসিম মিয়াকে আটক করে মোবাইল কোর্ট আইনে মামলা দায়ের করা হয়।

মোবাইল কোর্টের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন মাদকসেবী শরীফকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, মো. মোস্তাকিমকে এক মাসের বিনাশ্রম করাদণ্ড ও ১০০০ টাকা অর্থদণ্ড এবং মো. ওয়াসিম মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

হোসেনপুর'র অন্যান্য খবর

সর্বশেষ