কিশোরগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বিল্লাল হোসাইন।
কনফারেন্সে পিবিআই এর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ, পারিবারিক আদালত-১ এর জজ, বিভিন্ন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারবৃন্দ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক এর প্রতিনিধি, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, জেল সুপার, পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক, এসআরবি-১৪ এর প্রতিনিধি, কোর্ট ইন্সপেক্টর, প্রবেশন অফিসার, সিআইডির প্রতিনিধি, জেলা স্যানিটারী ইন্সপেক্টর, ডিবির ওসি ও কিশোরগঞ্জ জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
কনফারেন্সে আদালতের নিরাপত্তা, যথাসময়ে তদন্ত সম্পন্ন করা, ভিকটিমের চিকিৎসা সনদ যথাসময়ে উপস্থাপন, মামলা দ্রুত নিষ্পত্তির বিষয় আলোচনাসহ বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
কনফারেন্সে পুলিশ সুপার এর প্রতিনিধি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে পুলিশের সার্বিক সহযোগিতার বিষয়ে তার অঙ্গীকার ব্যক্ত করেন।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বিল্লাল হোসাইন বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মাণে আমাদেরকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে এবং মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহায়তা প্রয়োজন।