কিশোরগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ১৩৬ জন রোগী ভর্তি আছেন। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
সিভিল সার্জনের কার্যালয়ের রবিবার (৪ অক্টোবর) এর ডেঙ্গু-সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪১ জন রয়েছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে।
এ ছাড়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৪ জন এবং ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ জন ভর্তি রয়েছেন।
অন্যান্য হাসপাতালের মধ্যে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন, করিমগঞ্জে ৬ জন, কুলিয়ারচরে ৫ জন, তাড়াইলে ২ জন, পাকুন্দিয়ায় ৫ জন, নিকলীতে ৬ জন, কটিয়াদীতে ২ জন এবং হোসেনপুরে ২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
এ ছাড়া জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন এবং প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ৫২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৯ জন।
এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৩১। চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি।