কিশোরগঞ্জের কুলিয়ারচরের চাঞ্চল্যকর জাহাঙ্গীর মিয়া (৪২) হত্যকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই এর তদন্তে হত্যকাণ্ডের এক বছরের মাথায় এক দম্পতিকে গ্রেপ্তারের মাধ্যমে এ রহস্য উদঘাটিত হয়েছে।
পিবিআই জানিয়েছে, পরকীয়া প্রেমের বলি হয়েছেন জাহাঙ্গীর মিয়া। দীর্ঘ ১৮ বছর ধরে চলা পরকীয়া সম্পর্কের ইতি ঘটেছে এই হত্যকাণ্ডের মধ্য দিয়ে।
এ ঘটনায় জড়িত জাহাঙ্গীর মিয়ার পরকীয়া প্রেমিকা হুসনা খাতুন (৪৫) ও তার স্বামী শহীদ মিয়া (৪৮) উভয়কেই গ্রেপ্তার করেছে পিবিআই। গ্রেপ্তারের পর উভয়েই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা হত্যকাণ্ডের বর্ণনা দিয়েছে।
গ্রেপ্তার হওয়া শহীদ মিয়া কুলিয়ারচর উপজেলার বড়খারচর মধ্যপাড়ার মৃত ফজর আলীর ছেলে। অন্যদিকে নিহত জাহাঙ্গীর মিয়া একই গ্রামের দুখু মিয়ার ছেলে।
২০২৫ সালের ২ জুলাই রাতে জাহাঙ্গীর মিয়া খুন হন। ওই রাতে স্বজনেরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরদিন ৩ জুলাই বিকালে বড়খারচর মধ্যপাড়া গ্রামের আসাদ মিয়ার ঘাসের জমিতে তার লাশ পাওয়া যায়।
এ ঘটনায় নিহত জাহাঙ্গীর মিয়ার মা দিলুয়ারা বেগম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে কুলিয়ারচর থানায় মামলা (নং-৫, তারিখ- ০৪/০৭/২০২৫) করেন।
শুক্রবার (৫ জুন) সকালে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান পিবিআই কিশোরগঞ্জ জেলার ইউনিট ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ।
তিনি জানান, হত্যারহস্য উদঘাটিত না হওয়ায় পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশে পিবিআই কিশোরগঞ্জের উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলমকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের সার্বিক দিকনির্দেশনায় তদন্তকারী দল পুঙ্খানুপুঙ্খভাবে মামলাটির বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গত ১ জুন হুসনা খাতুনকে গ্রেপ্তার করে পিবিআই। গ্রেপ্তারের পরদিন ২ জুন তাকে আদালতে পাঠানো হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্বামী শহীদ মিয়ার নাম আসে।
পরে বৃহস্পতিবার (৪ জুন) শহীদ মিয়াকে গ্রেপ্তার করা হয় এবং তাকে আদালতে পাঠানোর পর সেও ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ জানান, জাহাঙ্গীর মিয়া ও শহীদ মিয়া প্রতিবেশী। জাহাঙ্গীর মিয়া বিয়ে করার আগে থেকেই হুসনা আক্তারের সঙ্গে তার পরকীয়া প্রেমের সম্পর্ক ছিলো। জাহাঙ্গীর মিয়া বিয়ে করার পর কয়েক বছর তাদের মধ্যে পরকীয়ার সম্পর্কে ছেদ ঘটে।
বছর চারের আগে থেকে পুনরায় তাদের মধ্যে পরকীয়া চলতে থাকে। শহীদ মিয়া স্ত্রী হুসনা ও জাহাঙ্গীরকে এ সম্পর্ক থেকে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়।
গত বছরের ২ জুলাই রাত সাড়ে ৮টার দিকে গ্রামের আসাদ মিয়ার নেপিয়ার ঘাসের জমিতে হুসনা ও জাহাঙ্গীর পরস্পরের সঙ্গে দেখা করে। সে সময় শহীদ মিয়া স্ত্রীকে ঘরে না পেয়ে সন্দেহবশত একটি ছুরি নিয়ে ওই ঘাসের জমিতে যায়।
সেখানে গিয়ে তার স্ত্রীকে জাহাঙ্গীরের সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত অবস্থায় পায়। এ সময় শহীদ মিয়া তার হাতে থাকা ছুরি দিয়ে জাহাঙ্গীর মিয়াকে উপর্যুপরি আঘাত করে হত্যা করার পর লাশ সেখানেই ফেলে রেখে চলে যায়।