কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে দালালচক্রের ১৭ সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে একই সময়ে পৃথকভাবে হাসপাতাল দুটিতে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
বিকালে প্রেস ব্রিফিং করে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের এসব বিষয় জানান কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
পুলিশ সুপার বলেন, আমাদের কাছে দীর্ঘদিন ধরে মেসেজ আসে দুটি হাসপাতাল থেকে দালাল চক্র রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে সরিয়ে নেয়। তারই পরিপ্রেক্ষিতে ওই দুটি হাসপাতালে একই সঙ্গে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোট ৩২ জনকে আটক করা হয়। এর মধ্যে ৪ জন নারী এবং বাকিরা পুরুষ। তাদের মধ্যে ৬ জন যৌক্তিক কারণ দেখিয়েছেন সেগুলো যুক্তিসঙ্গত মনে হওয়ায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দূরদূরান্ত থেকে রোগীরা আসেন। দালাল চক্র দরিদ্র রোগীদের ফুসলিয়ে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে টাকাপয়সা হাতিয়ে নেয়। এ কাজটা যারা করছে তাদের একটা মেসেজ দিতে চাই এটা আর চলবে না। ভবিষ্যতেও এই ক্ষেত্রে পুলিশ অভিযান পরিচালনা করবে।
পুলিশ সুপার আরো বলেন, বিশাল এই চক্রের মধ্যে আমরা ১৭ জন দালালকে নিশ্চিত করেছি। এছাড়াও ৯ জন রয়েছে যারা যাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। তারা যুক্তিসঙ্গত প্রমাণ দেখাতে পারলে ছেড়ে দেয়া হবে। অন্যথায় তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও পুলিশ সুপার জানিয়েছেন।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক এবং কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা উপস্থিত ছিলেন।