কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মো. সুমন মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রূপম দাস এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় এবং বাংলাদেশ আনসার সদস্যের সমন্বয়ে এই মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়।
অভিযানে পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজার এলাকার মের্সাস শাহীদ ট্রেডার্সের সামনে রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মো. সুমন মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদক ব্যবসায়ী মো. সুমন মিয়া জেলার কটিয়াদী উপজেলার কামারকোনা এলাকার মৃত মস্তুফা মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. এনায়েত হোসেন জানান, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রূপম দাস এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় এবং বাংলাদেশ আনসার সদস্যের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী টাস্কফোর্স মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত পুলেরঘাট বাজারে অভিযান পরিচালিত হয়।
অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মো. সুমন মিয়াকে আটক করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. ওবায়দুল্লাহ খান বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় পাকুন্দিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।