পরিচ্ছন্ন কিশোরগঞ্জ গড়ে তুলতে নানামুখী তৎপরতা চালিয়ে যাচ্ছেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। জেলা শহরে তিনি নিজে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। গত ৩০ মে জেলা শহরের রথখোলা এলাকায় স্থানীয় সংসদ সদস্য মাজহারুল ইসলামকে সাথে নিয়ে তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন।
কেবল জেলা শহরই নয় তার নির্দেশে জেলার ১৩টি উপজেলাতেই একযোগে শুরু হয়েছেন পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। জেলা প্রশাসক সোহানা নাসরিন জেলাজুড়ে সর্বত্রই পরিষ্কার-পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন।
এর অংশ হিসেবে সোমবার (১ জুন) দুপুরে তিনি জেলা শহরের কাচারীবাজার থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে ব্যবসায়ীদের মাঝে ভ্রাম্যমাণ ডাস্টবিন বিতরণ করেন। এছাড়া তিনি ব্যবসায়ী-পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন।
জেলা প্রশাসক সোহানা নাসরিন ব্যবসায়ীদের যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে এসব ডাস্টবিনে ফেলার অনুরোধ জানান। প্রতিদিন পৌরসভার লোকজন এসব ডাস্টবিন থেকে ময়লা-আবর্জনা অপসারণ করবেন বলেও জেলা প্রশাসক জানান।
এ সময় কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা জেলা প্রশাসকের সাথে ছিলেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, আমরা কথার চেয়ে কাজে বেশি গুরুত্ব দিচ্ছি। পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে। এক্ষেত্রে শহরবাসী সবাইকে সচেতন করা হচ্ছে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আমরা কিশোরগঞ্জকে একটি পরিচ্ছন্ন জেলা হিসেবে দেখতে চাই।
প্রসঙ্গত, জেলা প্রশাসন ও কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে শহরের রথখোলা এলাকা থেকে শুরু করে কিশোরগঞ্জ সার্কিট হাউজ এলাকা, গাইটাল বাস টার্মিনাল এলাকা, নীলগঞ্জ আশ্রম রোড এলাকায়, পুরানথানা এলাকা, জেলা স্মরণী মোড় এলাকা, বত্রিশ এলাকা, শোলাকিয়া ঈদগাহ মাঠ এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে ফেলে রাখা বর্জ্য ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হচ্ছে।
এছাড়া বিভিন্ন সরকারি অফিস প্রাঙ্গণ, ঘনবসতি এবং ঝোপ-ঝাড় বিশিষ্ট এলাকাসমূহে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এসব কার্যক্রমের সময় নিজ নিজ এলাকা স্বউদ্যোগে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে পৌরবাসীকে অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি পৌরসভার ডাস্টবিনগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয়েও পৌরবাসীকে সচেতন করা হচ্ছে।
জেলা প্রশাসকের নির্দেশনায় কিশোরগঞ্জ জেলার অন্যান্য পৌরসভা এবং উপজেলাসমূহে অনুরূপ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে।