স্ত্রীর সঙ্গে পরকীয়ার ক্ষোভ থেকে মামাতো ভাইকে কুপিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার | অপরাধ
মে ৩১, ২০২৬
স্ত্রীর সঙ্গে পরকীয়ার ক্ষোভ থেকে মামাতো ভাইকে কুপিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জোবায়েদ (২৬) নামে এক যুবককে হত্যার ঘটনায় তার ব্যবসায়িক অংশীদার মো. রানা (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের মাত্র ১২ ঘন্টার মধ্যে শনিবার (৩০ মে) দুপুরে পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের রহিমপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া রানা পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। অন্যদিকে হত্যকাণ্ডের শিকার জোবায়েদ একই গ্রামের আলতাফ উদ্দিনের ছেলে।

নিহত জোবায়েদ সম্পর্কে ঘাতক রানার মামাতো ভাই ছিলো। তারা পারিবারিকভাবে একটি মুরগির খামারের ব্যবসায়িক অংশীদারও ছিলো বলে স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে ঘাতক রানাকে গ্রেপ্তারের পর পুলিশের কাছে সে হত্যকাণ্ডের বর্ণনা দিয়ে ১৬১ ধারায় জবানবন্দি দিয়েছে।

পুলিশ জানায়, ১৮ বছর আগে জেসমিন আক্তারকে বিয়ে করে রানা। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। মামাতো ভাই হওয়ার সুবাদে জোবায়েদের সঙ্গে রানার ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো।

এই ঘনিষ্ঠতার ফলে রানার স্ত্রী জেসমিনের সঙ্গেও জোবায়েদের ভালো সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক তৈরি হয়।

মাস দুয়েক আগে রানা স্ত্রীর পরকীয়ার বিষয়টি টের পাওয়ার পর স্ত্রী জেসমিন ও মামাতো ভাই জোবায়েদকে অনৈতিক এ সম্পর্কের বিষয়ে সতর্ক করে। কিন্তু তারা রানার কথা উপেক্ষা করে পরকীয়ার সম্পর্ক চালিয়ে যেতে থাকে।

এ নিয়ে রানার সঙ্গে তার স্ত্রী জেসমিন আক্তারের কলহ দেখা দেয়। এর জের ধরে জেসমিন আক্তার তার মেয়েকে নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যায়।

এ রকম পরিস্থিতিতে ঈদুল আজহার দুই দিন আগে রানা জানতে পারে যে তার স্ত্রী জেসমিন পরকীয়া প্রেমিক জোবায়েদের বাড়িতে অবস্থান করছে। রানা তাৎক্ষণিক জোবায়েদের বাড়িতে গিয়ে জেসমিন ও জোবায়েদকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়।

এতে রানা ক্ষুব্ধ হয়। ওইদিনই সে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী রানা একটি ধারালো দা সংগ্রহ করে ঈদুল আজহার পরদিন শুক্রবার (২৯ মে) রাত ৮টার কিছু আগে কৌশলে জোবায়েদকে পার্শ্বর্তী শৈলজানী এলাকার পুরপুরা ব্রিজ সংলগ্ন স্থানে ডেকে নেয়। সেখানে জোবায়েদকে রানা কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত জোবায়েদকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খোকন চন্দ্র সরকার জানান, কিশোরগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হোসেনপুর থানার শাহেদল ইউনিয়নের রহিমপুর গ্রামের একটি বাড়ি থেকে হত্যাকাণ্ডের মাত্র ১২ ঘন্টার মধ্যে মো. রানাকে গ্রেপ্তার ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়।

এ ঘটনায় পাকুন্দিয়া থানায় শনিবার মামলা (নং-২২, তারিখ ৩০ মে ২০২৬) দায়ের করা হয়েছে। ঘটনাস্থল ও গ্রেপ্তারকৃত রানার কাছ থেকে রক্তমাখা পোশাকসহ মামলার গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে।

এছাড়া পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত রানাকে রবিবার (৩১ মে) আদালতে পাঠানো হয়েছে।

অপরাধ'র অন্যান্য খবর

সর্বশেষ