বিশ্বে আধা-সামরিক বাহিনীর সদস্যসংখ্যার শীর্ষে আনসার বাহিনী ও বাংলাদেশ

শাহ ইসকান্দার আলী | রকমারি
নভেম্বর ২৮, ২০২৬
বিশ্বে আধা-সামরিক বাহিনীর সদস্যসংখ্যার শীর্ষে আনসার বাহিনী ও বাংলাদেশ

আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট গ্লোবাল ফায়ারপাওয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্যারামিলিটারি বা আধা-সামরিক বাহিনীর সদস্যসংখ্যার দিক থেকে বিশ্বে শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশ। সংস্থাটির প্রকাশিত তালিকায় বাংলাদেশের প্যারামিলিটারি বাহিনীর মোট জনবল দেখানো হয়েছে ৬৮ লাখ।

Global Firepower-এর ২০২৬ সালের তালিকা অনুযায়ী প্যারামিলিটারি সদস্যসংখ্যায় শীর্ষ ৫টি দেশ: ১. বাংলাদেশ - ৬৮,০০,০০০, ২. ভারত - ২৫,২৭,০০০, ৩. কিউবা - ১১,৪৫,০০০, ৪. চীন - ৬,২৫,০০০ ও ৫. সার্বিয়া - ৬,০০,০০০।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের বিপুল সংখ্যা এদেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ এবং সংখ্যার বিচারে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় প্রশিক্ষিত আধাসামরিক বাহিনীর অধিকারীর মর্যাদা পেয়েছে। তবে এই সংখ্যার মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বাংলাদেশ কোস্ট গার্ডের মতো বিশেষায়িত ইউনিফর্মধারী বাহিনীও অন্তর্ভুক্ত রয়েছে।

বাংলাদেশের প্রাচীনতম নিরাপত্তা বাহিনী আনসার। আনসার বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস সম্পর্কে ধারণা না থাকায় এই বাহিনীর গৌরব গাঁথা অনেকটাই ম্লান হয়েছে। এবং যে উদ্দেশ্য নিয়ে, যে প্রক্রিয়ায় এই বাহিনী গঠন করা হয়েছিল তার ধারাবাহিকতাও অনেকাংশে বাঁধা প্রাপ্ত হয়েছে।

দেশভাগ-উত্তর উপমহাদেশে জননিরাপত্তা, দাঙ্গা প্রতিরোধ ও মোকাবিলা, আক্রান্ত এবং দুর্গত মানুষের সাহায্যার্থে ১৯৪৭ সালে কতিপয় দেশপ্রেমিক যুবক নিজস্ব অর্থায়নে অবৈতনিক আনসার সংগঠন গঠন করেন যার নেতৃত্বে ছিলেন আমার পিতা শাহ্ মাহতাব আলী। এদিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ১৯৪৮ সালে তদানীন্তন মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের শিক্ষা বিভাগের পরিচালক ব্রিটিশ নাগরিক জেমস বুকাননকে আনসার বাহিনীর ট্রেনিং এর ব্যহবস্থা এবং একটি প্রশিক্ষিত বাহিনী হিসেবে গড়ে তোলার দায়িত্ব দেন। তিনি আনসার বাহিনীর প্রতিষ্ঠাকালীন পরিচালক নিযুক্ত হন। আনসার সদস্যদের সাভার পেরেট গ্রাউন্ডে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হয়।

হিন্দু-মুসলিম দাঙ্গাকবলিত অঞ্চলে ইতোমধ্যে জননিরাপত্তায় দায়িত্বরত অভিজাত ও ধনাঢ্য পরিবারের যুবকদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী/ অবৈতনিক আনসার সংগঠনের এক দল সদস্যও আমার পিতা শাহ মাহতাব আলীর নেতৃত্বে জেমস বুকাননের অধীনে সাভার প্যারেড গ্রাউন্ডে সামরিক প্রশিক্ষণে যোগ দেন। প্রশিক্ষণপ্রাপ্তরা নিজ নিজ অঞ্চলে সদস্য সংগ্রহে নিয়োজিত হন। তারা স্থানীয়ভাবে নবীন সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সদ্য বিভাজিত দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনেন।

শাহ মাহতাব আলী তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমায় দায়িত্ব পালন করেন। মানবিক সাহায্যের জন্য গঠিত স্বেচ্ছাসেবী বাহিনীর নামকরণ হয়েছিল মদিনার আনসার বাহিনী থেকে, যারা হজরত মুহাম্মদের (সা.) হিজরতের পর নিজেদের জানমাল নিয়ে স্বেচ্ছায় এগিয়ে এসেছিলেন। ১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত অবৈতনিক এই আনসার বাহিনীই বর্তমানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নামে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখছে।

প্রথমে স্বেচ্ছাসেবী হলেও পরবর্তী সময়ে সরকার আনসার বাহিনীর সদস্যদের ভাতা দিতে শুরু করে। পর্যায়ক্রমে তাদের বেতনভুক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। অতঃপর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে অফিসার নিয়োগের মাধ্যমে আনসার বাহিনীকে চৌকস নিরাপত্তা বাহিনীতে রূপান্তর করা হয়।

১৯৪৮ সালে দাঙ্গা দমন, ১৯৫২ সালে ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আনসার বাহিনী মাতৃভূমি ও মানুষের পাশে দাঁড়িয়েছে। বিশেষত ১৯৭১ সালে দেশের অভ্যন্তরে প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহের কাজে তারা ভূমিকা রাখে। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দিয়েছিল আনসার বাহিনীই।

দুঃখজনক হলেও সত্য, খোদ আনসার বাহিনীই নিজেদের গৌরবোজ্জ্বল ইতিহাস সংরক্ষণ করেনি এবং তাদের পূর্বসূরি সংগঠক ও কর্মকর্তাদের মনে রাখেনি। যে কারণে আনসার বাহিনীর গৌরবজনক ইতিহাস সাধারণ মানুষও জানে না। তা ছাড়া আনসার (সাহায্যকারী) নামের কারণেও স্বাধীনতা-পরবর্তী সরকারগুলো এ বাহিনীকে অন্যান্য বাহিনীর ‘সাহায্যকারী শক্তি’ হিসেবেই ব্যবহার করেছে। এ নিয়ে আমার পিতা শাহ মাহতাব আলীর আক্ষেপ ছিল।

একই কারণে বিশাল জনবল থাকা সত্ত্বেও  সরকার এই বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা মহা পরিচালক পদে বাহিনীর সদস্যদের থেকে পদোন্নতি দেয়নি। বরং অন্য বাহিনী থেকে সিনিয়র কর্মকর্তাকে অবসরে যাওয়ার প্রাক্কালে বাহিনীর দায়িত্ব দেয়, যদি বিসিএস অফিসার থেকে উঠে আসা বাহিনীর কর্মকর্তাদের শীর্ষ কর্মকর্তা পদে পদোন্নতি দেয়া হতো তাহলে বাহিনীর গঠনকালিন সময়ের নিজস্ব আদর্শ অনুশীলনের ধারাবাহিকতা ঐতিহ্য এবং বাহিনীর সুনাম আরো বৃদ্ধি পেতো।

এখন যখন বিশ্বে বাংলাদেশের নাম প্যারামিলিটারি বা আধা-সামরিক বাহিনীর সদস্যসংখ্যার দিক থেকে শীর্ষে উঠেছে, তখন আনসার বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস ও অবদান নতুন করে স্মরণ করিয়ে দেওয়া জরুরি। এবং এই বাহিনী নিয়ে দীর্ঘদিনের গড়ে ওঠা ভুল ও অবহেলা দূর করতেই হবে।

# শাহ ইসকান্দার আলী: আনসার বাহিনীর প্রতিষ্ঠাকালীন সংগঠক শাহ মাহতাব আলীর সন্তান।

রকমারি'র অন্যান্য খবর

সর্বশেষ