ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার নিয়ে কিশোরগঞ্জে সংলাপ ও প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার | রকমারি
অক্টোবর ১৬, ২০২৬
ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার নিয়ে কিশোরগঞ্জে সংলাপ ও প্রশিক্ষণ

জেন্ডার স্টেরিওটাইপ দূরীকরণ, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং অ্যাডভোকেসি কার্যক্রমের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জে দুই দিনব্যাপী সংলাপ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় পরিচালিত ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় সংগঠন ‘ক্লাইমেট ফর টুমোরো’।

গত ১৪ অক্টোবর (বুধবার) সকাল ১১টায় কিশোরগঞ্জ শহরের লেক সিটি রুফটপ রেস্টুরেন্টের সম্মেলনকক্ষে এ বিষয়ে এক সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম শামীম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং নিরাপদ সমাজ গঠনে তরুণদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচলিত সামাজিক ধারণা সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি ডিজিটাল মাধ্যমে নিরাপদ থাকা, তথ্যের সত্যতা যাচাই করা এবং সামাজিক সমস্যা সমাধানে গঠনমূলক উদ্যোগ নেওয়ার সক্ষমতা তরুণদের অর্জন করতে হবে। তরুণদের সম্মিলিত প্রচেষ্টা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।”

সংলাপে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, স্থানীয় যুব সংগঠনের প্রতিনিধি এবং তরুণ অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির দ্বিতীয় দিনে, ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) তরুণ-তরুণীদের সক্রিয় অংশগ্রহণে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অনলাইন হয়রানি প্রতিরোধ, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিতকরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য যাচাই, ভুল ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ এবং গণমাধ্যমের বার্তার সঠিক বিশ্লেষণের কৌশল শিখানো হয়। পাশাপাশি নারীর অধিকার সুরক্ষায় জনসচেতনতা তৈরি ও সামাজিক পরিবর্তনে কার্যকর অ্যাডভোকেসি পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‘ক্লাইমেট ফর টুমোরো’-র নির্বাহী সভাপতি মোজাহিদুল ইসলাম বলেন, “ক্লাইমেট ফর টুমোরো শহর ও হাওরাঞ্চলে জলবায়ু পরিবর্তন, শিশু ও নারীর অধিকার সুরক্ষা, শিক্ষার উন্নয়ন এবং টেকসই লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করছে। স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে আমাদের সম্পৃক্ত করার জন্য জাগো ফাউন্ডেশন ট্রাস্ট, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমরা বিশ্বাস করি, তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।”

দুই দিনব্যাপী এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন ভিবিডি কিশোরগঞ্জের সহসভাপতি সাইমা তাজরীন, ক্লাইমেট ফর টুমোরোর সাধারণ সম্পাদক উমর নাসিফ, সহসভাপতি সাদিয়া খান মিল্কি, সাংগঠনিক সম্পাদক ফাইজা জামান, প্রশিক্ষক নূপুর মুন বিশ্বাস সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অংশগ্রহণকারীরা জানান, এই প্রশিক্ষণ তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ থাকতে, দায়িত্বশীলভাবে গণমাধ্যম ব্যবহার করতে এবং সমতাভিত্তিক সমাজ গঠনে উদ্যোগী হতে বিশেষ ভূমিকা রাখবে।

রকমারি'র অন্যান্য খবর

সর্বশেষ