কিশোরগঞ্জের করিমগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় পরিচালিত সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের নিয়ে সবক অনুষ্ঠান হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার গুণধর ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর মধ্যে খয়রত গ্রামের মসজিদুল আমান জামে মসজিদে পরিচালিত সহজ কুরআন শিক্ষা কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে শিশুদের সবক দেন ইসলামিক ফাউন্ডেশনের করিমগঞ্জ উপজেলা ফিল্ড সুপারভাইজার একেএম মোস্তফা কামাল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মডেল কেয়ারটেকার আসমত আলী, সাধারণ কেয়ারটেকার হায়দার আলী এবং খয়রত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ আনোয়ার হোসাইন। কেন্দ্রটির শিক্ষক হিসেবে রয়েছেন মো. আব্দুল বাতেন।
অনুষ্ঠানে কেন্দ্রটির শিক্ষার পরিবেশ ও শিশুদের পরিপাটি উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা।
একেএম মোস্তফা কামাল জানান, করিমগঞ্জ উপজেলায় ৭৪টি সহজ কুরআন শিক্ষা কেন্দ্র ও ৪৯টি প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্র নিয়মিত তদারকি করা হয়। তিনি বলেন, উপজেলার শিক্ষা কেন্দ্রগুলো সুন্দরভাবে পরিচালিত হচ্ছে।
ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমান জানান, জেলায় শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় মোট ১ হাজার ৫২৩টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৮৫১টি সহজ কুরআন শিক্ষা কেন্দ্র, ৬৬০টি প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্র এবং ১২টি বয়স্ক শিক্ষা কেন্দ্র রয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের এ কার্যক্রমের আওতায় মসজিদে বিনা মূল্যে শিশুদের প্রাক-প্রাথমিক ও কুরআন শিক্ষা এবং বয়স্কদের শিক্ষার সুযোগ দেওয়া হয়। সহজ কুরআন শিক্ষা কেন্দ্রে সাধারণত ৬ থেকে ১০ বছর বয়সী শিশুদের কুরআন তিলাওয়াত, কালিমা, নামাজ ও মাসনুন দোয়া শেখানো হয়।