কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক, স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষক ও সমাজসেবক আলহাজ্ব এম এ রশীদ ভূঁইয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে পাকুন্দিয়া প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও প্রেসক্লাবের সদস্যরা অংশ নেন।
পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের পাকুন্দিয়া প্রতিনিধি মো. আছাদুজ্জামান খন্দকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি ক.ম. মুহিব্বুল্লাহ বচ্চন, দৈনিক ইত্তেফাকের পাকুন্দিয়া প্রতিনিধি মো. তরীকুল হাসান শাহীন, দৈনিক জনতার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান, দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি আরিফুল হাসান আরজু, দৈনিক রূপালী বাংলাদেশের উপজেলা প্রতিনিধি মো. আবু হানিফ এবং দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি এম এ হান্নান প্রমুখ।
বক্তারা বলেন, এম এ রশীদ ভূঁইয়া ছিলেন একজন আদর্শবান, নিষ্ঠাবান ও দায়িত্বশীল সাংবাদিক। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তাঁর পেশাগত দায়বদ্ধতা ছিল অনুকরণীয়। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক আজাদ, বাংলাবাজার, আজকের দেশসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতার পাশাপাশি শিক্ষকতা ও সমাজসেবায়ও তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তাঁরা আরও বলেন, এম এ রশীদ ভূঁইয়া শুধু একজন প্রবীণ সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন সাংবাদিক সমাজের অভিভাবক ও অনুপ্রেরণার উৎস। তাঁর মৃত্যুতে পাকুন্দিয়ার সাংবাদিকতা ও শিক্ষকসমাজে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পাকুন্দিয়া কোর্ট বিল্ডিং মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মাসুম বিল্লাহ।
উল্লেখ্য, ২০২৫ সালের ২২ নভেম্বর পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের আগরপাট্টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন প্রবীণ সাংবাদিক এম এ রশীদ ভূঁইয়া।