জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে কিশোরগঞ্জে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীতে দুটি ক্যাটাগরিতে প্রথম হয়ে দৃষ্টি আকর্ষণ করেছে ‘রানী এগ্রো’। জেলার প্রখ্যাত এই খামারটি মিষ্টি পেয়েছে সেরা মিষ্টির স্বীকৃতি। এছাড়া ‘রানী এগ্রো’র স্টলে প্রদর্শিত গরু পেয়েছে সেরা গরুর স্বীকৃতি।
বৈচিত্র্যময় প্রাণিসম্পদ, নিরাপদ খাদ্য উৎপাদন আর আধুনিক খামার ব্যবস্থাপনার নানা সম্ভাবনা নিয়ে কিশোরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে এই মেলা অনুষ্ঠিত হয়। গবাদিপশু, হাঁস-মুরগি থেকে শুরু করে পরিবেশবান্ধব খামার প্রযুক্তি ও প্রাণিসম্পদজাত পণ্যের সমাহারে প্রাণবন্ত হয়ে উঠে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে আয়োজিত এই মেলা।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত মেলায় বিভিন্ন জাতের গরু, মহিষসহ নানা ধরনের প্রাণী প্রদর্শন করা হয়। পাশাপাশি প্রাণিসম্পদ খাতে উৎপাদিত পণ্য, আধুনিক খামার ব্যবস্থাপনা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
মেলায় দর্শনার্থীদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে ‘রানী এগ্রো’ এর স্টল। প্রিমিয়াম ক্যাটল ফার্ম ‘রানী এগ্রো’র ফ্রেকবি জাতের গরুটি মেলার সেরা গরু হিসেবে নির্বাচিত হয়।
এছাড়া ‘রানী এগ্রো’র উৎপাদিত মিষ্টি গুণগত মান ও স্বাদে অনন্য হওয়ায় এটি সেরা মিষ্টি নির্বাচিত হয়।
মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে ‘রানী এগ্রো’ কর্তৃপক্ষের হাতে প্রথম পুরস্কারের ক্রেস্ট তুলে দেন।