ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ আটক দুই যুবকের জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার | ভৈরব
অক্টোবর ২৯, ২০২৬
ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ আটক দুই যুবকের জেল-জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী অভিযানে আমিন হোসেন ওরফে ফালান (১৯) ও মো. রাফিন মিয়া (২০) নামে দুই যুবককে গাঁজা ও ইয়াবাসহ আটকের পর মোবাইল কোর্টে জেল-জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম.আজিমুল হক এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মোবাইল কোর্টে আমিন হোসেন ওরফে ফালানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং মো. রাফিন মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডিত আমিন হোসেন ওরফে ফালান কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আসাদ মিয়ার ছেলে এবং মো. রাফিন মিয়া উপজেলার মানিকদী পূর্বকান্দা গ্রামের আলমগীরের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. এনায়েত হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কিশোরগঞ্জ এর ‘খ’ সার্কেল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ভৈরব উপজেলার রঘুনাথপুর ও মানিকদী পূর্বকান্দা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে ১০ গ্রাম গাঁজাসহ আমিন হোসেন ওরফে ফালানকে এবং এক পিস ইয়াবা ট্যাবলেটসহ রাফিন মিয়াকে আটক করে।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক চন্দন গোপাল সুর ও উপপরিদর্শক সাইকুল ইসলাম তালুকদার নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম.আজিমুল হক এর নিকট প্রসিকিউশন দায়ের করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম.আজিমুল হক মোবাইল কোর্টের মাধ্যমে আমিন হোসেন ওরফে ফালান এবং মো. রাফিন মিয়া যথাক্রমে এক ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

ভৈরব'র অন্যান্য খবর

সর্বশেষ