কালিকাপ্রসাদে মসজিদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয়

সোহানুর রহমান সোহান | ভৈরব
জুলাই ২১, ২০২৬
কালিকাপ্রসাদে মসজিদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয়

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর এলাকার নওয়াজ মুন্সিবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মঙ্গলবার (২১ জুলাই) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গ্রামীণ জনগণের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে আয়োজিত এ মানবিক উদ্যোগে শতাধিক নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি আগতদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বাস্থ্যপরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা শাখার আমির মাওলানা কবির হোসাইন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ডা. হুমায়ুন রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিটন মিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি) এর কালিকাপ্রসাদ ইউনিয়ন সহ-সভাপতি লোকমান হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিকাপ্রসাদ ইউনিয়ন সহ-সভাপতি আব্দুল হান্নান।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. রেজিনা'স গাইনোকেয়ার অ্যান্ড হাসপাতাল (জেনারেল সার্জারি) এরচেয়ারম্যান ডা. ইমরান মাহমুদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিশেষজ্ঞ ও মেডিকেল অফিসার ডা. রেজিনা পারভীন, রংপুর মেডিকেল কলেজের ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন ডা. মো. আতিউর রহমান আতিক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন বিশেষজ্ঞ ডা. কাইয়ুম মিয়া।

তারা রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে মানারাত পাবলিক স্কুল, ভৈরব, ডা. রেজিনা'স গাইনোকেয়ার অ্যান্ড হাসপাতাল, ফরিদা ডেন্টাল কেয়ার, ঝগড়ারচর ছাত্রসংসদ এবং স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন স্পন্দন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের প্রান্তিক ও সাধারণ মানুষের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ভৈরব সরকারি হাজী আসমত কলেজের প্রভাষক সাইদুর রহমান সাইফ।

ক্যাম্পে চিকিৎসাসেবা গ্রহণকারী স্থানীয় বাসিন্দারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের বিনামূল্যের চিকিৎসাসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি গ্রামীণ জনগণের জন্য অত্যন্ত সময়োপযোগী ও উপকারী। তারা ভবিষ্যতেও নিয়মিত এমন মানবিক উদ্যোগ আয়োজনের আহ্বান জানান।

সার্বিকভাবে, ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে স্বাস্থ্যসেবামূলক এ আয়োজন স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।

ভৈরব'র অন্যান্য খবর

সর্বশেষ