মেজর আখতারের গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ, নিঃশর্ত মুক্তি দাবি

স্টাফ রিপোর্টার | কিশোরগঞ্জ সদর
অক্টোবর ৩, ২০২৬
মেজর আখতারের গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ, নিঃশর্ত মুক্তি দাবি

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রতিবাদ ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামসংলগ্ন বটতলা কাচারি জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরানথানা এলাকার শহীদি মসজিদ প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিলে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

কর্মসূচি থেকে বক্তারা অনতিবিলম্বে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। তা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তাঁরা।

বক্তারা বলেন, সরকারের অনিয়ম-দুর্নীতির সমালোচনা করার সুযোগ নেই। মানুষের বাক্‌স্বাধীনতা হরণ করা হচ্ছে। বিমানবন্দরের লাগেজ চুরি নিয়ে কথা বলায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও দাবি করেন তাঁরা।

মেজর (অব.) আখতারুজ্জামান কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কিশোরগঞ্জ জেলা সভাপতি ছিলেন। ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন। শুক্রবার (২ অক্টোবর) তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা শহরের বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

জেলা জামায়াতের শহর আমির আ ম ম আব্দুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা কারী নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলার সভাপতি খালেদ হাসান জুম্মন প্রমুখ।

কিশোরগঞ্জ সদর'র অন্যান্য খবর

সর্বশেষ