মাদকমুক্ত ও কল্যাণমুখী গ্রাম গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা করেছে যশোদল কুতখাইল মাদক নিয়ন্ত্রণ, সমাজ সংস্কার ও কল্যাণ কমিটি। শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের কুতখাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ আব্দুল জব্বার। আলোচনা সভায় মূল আলোচক ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন।
এতে অন্যদের মধ্যে মাদক নিরাময় কমিটির সভাপতি ডা. মো. আতিকুল সারোয়ার, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, যশোদল ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন মিলন, যশোদল ইউনিয়ন যুবদল সভাপতি শরীফ আহাম্মদ প্রমুখ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আলোচনা সভা সঞ্চালনা করেন পারভেজ মিয়া ও আবুল বাশার।
আলোচনা সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানের অতিথি ও বক্তারা ছাড়াও উপস্থিত সকলে কুতখাইল গ্রামকে একটি মাদকমুক্ত ও কল্যাণমুখী মডেল গ্রাম হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।