কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার | কিশোরগঞ্জ সদর
সেপ্টেম্বর ২১, ২০২৬
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফাজুল (৩৫) ও সাব্বির (৩০) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের পুরানথানা এলাকায় আব্দুস সামাদ প্লাজার পাঁচতলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহতের এই ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে আফাজুল কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাই গ্রামের মোহাম্মদ গোলাপ মিয়ার ছেলে এবং সাব্বির হোসেনপুর উপজেলার রামপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সামাদ প্লাজার পাঁচতলার ছাদে নির্মাণকাজ চলছিল। নিচ থেকে ওপরে রড নিয়ে যাচ্ছিলেন দুই নির্মাণ শ্রমিক আফাজুল ও সাব্বির।

তারা রড নিয়ে যাওয়ার সময়ে একটি রড ভবনটির পাশ দিয়ে যাওয়া সঞ্চালন লাইনের হাইভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই উভয়ের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কিশোরগঞ্জ সদর'র অন্যান্য খবর

সর্বশেষ