মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শকে শুধু আলোচনা ও আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফয়জুল হক। তিনি বলেছেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মধ্যেই ন্যায়, ইনসাফ, মানবিকতা ও শান্তিভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথ নিহিত রয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সদরে স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে কটিয়াদী উপজেলা জামায়াতের ওলামা বিভাগের উদ্যোগে আয়োজিত সিরাতুন্নবী (সা.) কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. ফয়জুল হক বলেন, মহানবী (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ছিল ন্যায়, সাম্য, সহমর্মিতা, শৃঙ্খলা ও শান্তির অনন্য দৃষ্টান্ত। ব্যক্তি চরিত্র গঠন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে তাঁর আদর্শ অনুসরণ করা হলে মানুষের মধ্যে নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।
তিনি আরও বলেন, সিরাতুন্নবী (সা.) নিয়ে আলোচনা কেবল সভা-সমাবেশ বা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে এর প্রকৃত শিক্ষা অর্জন সম্ভব নয়। মহানবী (সা.)-এর শিক্ষা নিজেদের জীবনাচরণে ধারণ ও বাস্তবায়ন করতে হবে। তাঁর দেখানো পথ অনুসরণ করেই অন্যায়, বৈষম্য ও সামাজিক অবক্ষয়মুক্ত একটি কল্যাণকর সমাজ গড়ে তোলা সম্ভব।
কটিয়াদী উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা মুফতি শফিকুল ইসলাম নূরীর সভাপতিত্বে কনফারেন্সে আরও বক্তব্য দেন চাঁদপুরের মাওলানা মুফতি আহমদ শরীফ বিন আসাদ, কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম মোড়ল, ফেকামারা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম বিপ্লব, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক রফিকুল ইসলাম খালেদ, উপজেলা জামায়াতে নায়েবে আমীর সাইদুল হক বিএসসি, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।
কনফারেন্সে স্থানীয় জামায়াতে ইসলামী ও উলামা বিভাগের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।