কিশোরগঞ্জের কটিয়াদীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে মো. পল্টন মিয়া (৫৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে পৌরসভার ভোগপাড়া চৌরাস্তা সংলগ্ন জামে মসজিদের সামনের পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নিহত পল্টন মিয়া পাশ্ববর্তী বাজিতপুর উপজেলার পূর্ব ভাগলপুর গ্রামের মৃত আসন আলীর ছেলে।
তিনি ভোগপাড়া জামে মসজিদের সামনে পুকুরপাড়ে একটি দোকান ভাড়া নিয়ে লন্ড্রি ও ইলেকট্রিশিয়ানের কাজ করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট) দুপুর থেকে পল্টন মিয়ার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর আত্মীয়-স্বজন তাঁর বাড়িসহ বাজারের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখা যায়।
মরদেহ উদ্ধারের সময় তাঁর সঙ্গে থাকা প্রায় সাড়ে ৬ হাজার টাকা এবং তার ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন পাওয়া গেছে।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।