কিশোরগঞ্জের করিমগঞ্জে স্কুল ও মাদরাসার ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
এতে ২০২৫ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উপজেলার ১০টি স্কুল ও ৫টি মাদরাসা থেকে বৃত্তি পাওয়া ৩০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে মুসলিমা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসানুল হক জাহিদ, উপজেলা বিএনপি সভাপতি আজিজুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক আবদুল মান্নান দুলাল সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন খান পল্টু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল কাশেম, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মুফতি মো. দ্বীন ইসলাম, উপজেলা এনসিপি আহ্বায়ক মোবারক হোসেন, হেফাজতে ইসলামের দপ্তর সম্পাদক শহীদুল্লাহ সাদি প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
প্রধান অতিথি জেলা প্রশাসক সোহানা নাসরিন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজ গঠনের গুরুত্বপূর্ণ শক্তি। তাদের মেধা ও প্রতিভার বিকাশে শিক্ষক, অভিভাবক এবং সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অভিভাবক, বিশিষ্টজন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।