কিশোরগঞ্জের করিমগঞ্জে অতি দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে চারা গাছ, হাঁস-মুরগির বাচ্চা ও নগদ অর্থ বিতরণ করেছে ব্র্যাক। আড়ং সোশ্যাল এন্টারপ্রাইজের সহযোগিতায় মঙ্গলবার (১৬ জুন) সকালে করিমগঞ্জ ব্র্যাক শাখা কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা গাছ, হাঁস-মুরগির বাচ্চা ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে মুসলিমা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আড়ং সোশ্যাল এন্টারপ্রাইজের উদ্যোগে ব্র্যাক কিশোরগঞ্জ জেলার ১১টি শাখা অফিসের মোট ১ হাজার ২০০ জন অতি দরিদ্র সদস্যের মাঝে ২ হাজার ৪০০টি চারা গাছ বিতরণের অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে করিমগঞ্জ শাখার ১৫০ জন উপকারভোগী সদস্যের প্রত্যেকের মাঝে ২টি করে মোট ৩০০টি চারা গাছ বিতরণ করা হয়েছে।
চারা গাছ বিতরণের পাশাপাশি এদিন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এবং মাইক্রোফাইন্যান্সের যৌথ অর্থায়নে ৫ জন কিশোরীকে ২০টি করে হাঁসের বাচ্চা ও নগদ ৩ হাজার ৯শত টাকা করে দেওয়া হয়।
এছাড়া ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের পক্ষ থেকে আরও ২০ জন সদস্যের মাঝে ২০টি করে মুরগির বাচ্চা ও তিন ধরনের সবজির বীজ বিতরণ করা হয়েছে।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার উম্মে মুসলিমা ব্র্যাকের এই কল্যাণমুখী উদ্যোগের প্রশংসা করে বলেন, “এ ধরনের সমন্বিত সহযোগিতা গ্রামীণ নারীদের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলবে।”
বিতরণকৃত চারা গাছ ও হাঁস-মুরগি সঠিকভাবে কাজে লাগানোর জন্য তিনি সদস্যদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক কিশোরগঞ্জ জেলা সমন্বয়কারী সাফরিনা জান্নাত, আঞ্চলিক ব্যবস্থাপক (আলট্রা-পুওর গ্রেজুয়েশন প্রোগ্রাম) হোসনে আরা, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. জমির আলী, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) মো. আশরাফ আলী, এরিয়া ম্যানেজার (দাবি) মো. জুলহিয়াস মিয়া ও এরিয়া ম্যানেজার (প্রগতি) মো. মিজানুর রহমান।
এছাড়া ব্র্যাক সম্প্রসারণ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, শাখা ব্যবস্থাপক (দাবি) মো. মোবারক হোসেন, শাখা ব্যবস্থাপক (ইউপিজি) মো. শফিকুল ইসলাম এবং অফিসার (সেলপ) মরিয়ম বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।