কিশোরগঞ্জের তাড়াইলে সাধারণ রোগীদের স্বাস্থ্যসেবার পরিবেশ উন্নত করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনব্যাপী হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
অভিযানকালে সংগঠনের নেতা-কর্মীরা ঝাড়ু হাতে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক, জরুরি বিভাগ, টিকিট কাউন্টার, বহির্বিভাগ এবং চারপাশের পরিত্যক্ত অংশ পরিষ্কার করেন। এসময় প্রাঙ্গণে জমা হয়ে থাকা আবর্জনা নির্দিষ্ট স্থানে অপসারণ করা হয় এবং সার্বিক পরিবেশ জীবানুমুক্ত রাখার উদ্যোগ নেওয়া হয়।
পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা প্রসঙ্গে উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি জানান, দলীয় নেতা-কর্মীদের এমন সামাজিক উদ্যোগে যুক্ত করা এবং জনস্বার্থে কাজ করাই তাদের মূল লক্ষ্য।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ আহমেদ আলেক প্রত্যয় ব্যক্ত করে বলেন, সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযানসহ অন্যান্য সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
কর্মসূচি নিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম বলেন, “হাসপাতাল একটি সেবামূলক প্রতিষ্ঠান। সাধারণ মানুষ যেন সুস্থ, সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা পেতে পারেন, সেই সামাজিক দায়িত্ববোধ থেকেই আমাদের এই পরিচ্ছন্নতা কার্যক্রম।”
অভিযানকালে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, মৎস্যজীবীদল, ওলামাদল, তাঁতীদল, মহিলাদল, মুক্তিযোদ্ধা প্রজন্মদল , শ্রমিকদল, জাসাস, সাংস্কৃতিকদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিচ্ছন্নতা অভিযানে হাসপাতালের সেবামুখী ও স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনার এই উদ্যোগকে স্থানীয় সচেতন মহল ও সেবাগ্রহীতারা সাধুবাদ জানিয়েছেন।