দুই কেন্দ্রে একজন করে দুই পরীক্ষার্থী, দায়িত্বে ৩৪ জন

আমিনুল ইসলাম বাবুল | তাড়াইল
আগস্ট ৬, ২০২৬
দুই কেন্দ্রে একজন করে দুই পরীক্ষার্থী, দায়িত্বে ৩৪ জন

কিশোরগঞ্জের তাড়াইলে এইচএসসি পরীক্ষায় তৈরি হয়েছে এক ব্যতিক্রমী দৃশ্যপট। বৃহস্পতিবার (৬ আগস্ট) অনুষ্ঠিত ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের পরীক্ষায় উপজেলার দুটি কেন্দ্রের প্রতিটিতে অংশ নেন মাত্র ১ জন করে পরীক্ষার্থী।

তবে পরীক্ষার্থী একজন হলেও বোর্ডের নিয়ম মেনে প্রতি কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন ১৭ জন কর্মকর্তা, কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

জানা গেছে, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ কেন্দ্র থেকে হাজী মোমতাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রাকিব মিয়া এবং তাড়াইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে প্রিয় রঞ্জন বর্মন পরীক্ষায় অংশ নেন।

দুজন পরীক্ষার্থীর জন্য দুটি কেন্দ্রে হল সুপার, সহকারী হল সুপার, কক্ষ পরিদর্শক, সহায়ক কর্মচারী, পুলিশ ও নির্বাহী কর্মকর্তাসহ মোট ৩৪ জন জনবল নিয়োজিত ছিল।

পরীক্ষা চলাকালে কেন্দ্র দুটি পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী।

উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পরীক্ষার্থীর সংখ্যা যত কমই হোক না কেন, বোর্ডের নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

তাড়াইল'র অন্যান্য খবর

সর্বশেষ