তাড়াইলে ৪০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন

আমিনুল ইসলাম বাবুল | তাড়াইল
আগস্ট ১৩, ২০২৬
তাড়াইলে ৪০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন

​কিশোরগঞ্জের তাড়াইলে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়।

​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৩৭ জন এবং দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩ জন শিক্ষার্থী অংশ নেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হাসিফুর রহমান নাদিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার রিফাত শারমিন এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

​ইউএনও তানজিলা আখতার শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু ভালো ফল করলেই চলবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

আলোচনা সভা শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক হিসেবে ক্রেস্ট ও ফুল তুলে দেওয়া হয়।

​উল্লেখ্য, এ বছর তাড়াইল উপজেলা থেকে এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলে মোট ৪০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

তাড়াইল'র অন্যান্য খবর

সর্বশেষ