কিশোরগঞ্জের মিঠামইনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প করেছে ব্র্যাক। উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্ৰামে ব্র্যাক অফিস প্রাঙ্গণে বুধবার (১২ আগস্ট) এই ক্যাম্পের আয়োজন করে ইটনা অঞ্চলের অধীনে ব্র্যাক ঘাগড়া শাখা।
সকালে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মিঠামইন উপজেলার ব্র্যাকের আঞ্চলিক কর্মকর্তা মো. সুরুজ্জামান।
এ সময় সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বোরহান উদ্দিন চৌধুরী, ব্র্যাকের ঘাগড়া শাখা ব্যবস্থাপক মো. সোহেল রানা, এস,এস,লিট জেনারেশনের মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ব্র্যাকের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা এবং সাংবাদিক বিজয় কর রতন উপস্থিত ছিলেন।
এছাড়া স্থানীয় গণ্যমান্য ও ব্র্যাকের উপকারভোগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী চক্ষু পরীক্ষা ক্যাম্পে মোট ৪৩৫ জনের চক্ষু পরীক্ষা করা হয়। বিনামূল্যে সেবা গ্ৰহীতাদের মধ্যে ৩২০ জন নারী ও ১১৫ জন পুরুষ।
এর মধ্যে বিনামূল্যে চশমা ও ওষুধ দেওয়া হয় ২২৫ জনকে। এছাড়া ১৬ জনকে উন্নত চিকিৎসার জন্য চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ব্র্যাক দীর্ঘদিন যাবত এ এলাকায় ঋণ দান কর্মসূচির পাশাপাশি স্বাস্থ্যকর্মী, ব্র্যাক স্কুল, প্রসূতিদের জন্য বিশেষ সেবার ব্যবস্থা করে যাচ্ছে।