৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে কিশোরগঞ্জের মিঠামইনে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে রবিবার (৮ নভেম্বর) এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘করবো সমবায়, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবসের কর্মসূচির সূচনা করা হয়।
এ সময় বিভিন্ন এলাকা থেকে সমবায় সমিতির সদস্য ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে বিশাল আনন্দ শোভাযাত্রা পরিষদ প্রাঙ্গণ থেকে বের করা হয়। আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. সৈয়দ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা অমিত কুমার পন্ডিত, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক মো. ইব্রাহীম মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমিত সাহা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আফতাব উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি কাশেম শিকদার প্রমুখ।
এছাড়া সমবায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোছা. সালমা আক্তার, নরোত্তম চৌধুরী, জহুরা বেগম, বোরহান উদ্দিন ঠাকুর শরিফ প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে তিন জন শ্রেষ্ঠ সমবায়ীর হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব উত্তম কুমার দাস।