কিশোরগঞ্জে গাঁজাসহ আটক দুইজনের জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার | কিশোরগঞ্জ সদর
আগস্ট ৬, ২০২৬
কিশোরগঞ্জে গাঁজাসহ আটক দুইজনের জেল-জরিমানা

কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটকের পর মো. ইব্রাহিম (৭০) ও মো. উজ্জ্বল মিয়া (৪৮) নামে দুইজনকে মোবাইল কোর্টে জেল-জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শোয়েব ইবনে রেজা এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

দণ্ডিত দুইজনের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে মোট ২০০ টাকা অর্থদণ্ড করা হয়।

তাদের মধ্যে মো. ইব্রাহিম কিশোরগঞ্জ সদর উপজেলার সুলতানপুর গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে এবং মো. উজ্জ্বল মিয়া জেলার কুলিয়ারচর উপজেলার জারারবন গ্রামের মৃত আক্তার মিয়ার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. এনায়েত হোসেন জানান, বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ কিশোরগঞ্জ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কিশোরগঞ্জ এর ‘ক’ সার্কেল মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ মো. ইব্রাহিম ও মো. উজ্জ্বল মিয়াকে আটক করা হয়।

আটকের পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শোয়েব ইবনে রেজা মোবাইল কোর্টে প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে মোট ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

কিশোরগঞ্জ সদর'র অন্যান্য খবর

সর্বশেষ