কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ থেকে ১৭টি সিলিং ফ্যান চুরির ঘটনায় হোসেনপুর থানা পুলিশ এক চোর ও চুরি করা ফ্যান কেনার দায়ে একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, হোসেনপুর পৌর সদরের পশ্চিম দীপেশ্বর এলাকার স্বপন মিয়ার ছেলে পারভেজ মোশারফ ও পৌর সদরের নতুন বাজারের ইলেকট্রনিক্স দোকানদার হলুদ মিয়া।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গত মে মাস থেকে গত ৯ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে পারভেজ মোশারফ হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ হতে মোট ১৭টি সিলিং ফ্যান বিভিন্ন সময়ে চুরি করে নিয়ে যায়৷
এ ঘটনায় মসজিদ কমিটির পক্ষ থেকে থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আমিনুর রহমান মসজিদ এলাকার বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে সনাক্ত করতে সক্ষম হন।
পরে সোমবার (১৩ জুলাই) অভিযান চালিয়ে হোসেনপুর বাজার এলাকা থেকে চোর পারভেজ মোশারফকে গ্রেপ্তার করেন।
পুলিশি জিজ্ঞাসাবাদে পারভেজ মোশারফের দেয়া তথ্য অনুযায়ী পৌর সদরের নতুন বাজারের হলুদ মিয়ার ইলেকট্রনিক্স এর দোকান থেকে চুরি করা দুইটি সিলিং ফ্যান উদ্ধার করা হয়।
দোকানের মালিক হলুদ মিয়া জানান, তিনি মোট চারটি ফ্যান ক্রয় করেছেন। এ ঘটনায় চোরাই মাল ক্রয়ের অপরাধে তাকেও গ্রেপ্তার করা হয়।
অভিযানে চোর এবং চোরাই ফ্যানের ক্রেতাকে গ্রেপ্তার করার পর সোমবার (১৩ জুলাই) উভয়কেই আদালতে চালান দেওয়া হয়েছে।