মিঠামইনে নবম শ্রেণির ছাত্রী নিখোঁজ, অদৃশ্য ভাসমান লাশ নিয়ে রহস্য, আটক ১

বিজয় কর রতন | মিঠামইন
জুন ৩০, ২০২৬
মিঠামইনে নবম শ্রেণির ছাত্রী নিখোঁজ, অদৃশ্য ভাসমান লাশ নিয়ে রহস্য, আটক ১

কিশোরগঞ্জের মিঠামইনে কোহিনুর আক্তার (১৬) নামে নবম শ্রেণির ছাত্রী নিখোঁজের পর একটি অদৃশ্য হয়ে যাওয়া ভাসমান লাশ নিয়ে রহস্য তৈরি হয়েছে। সোমবার (২৯ জুন) রাতে উপজেলা সদরের পার্শ্ববর্তী হামিদ পল্লীর পিছনে ঘোড়াউত্রা নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। কিন্তু পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনো লাশ পায়নি।

মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা পর্যন্তও লাশটির আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে ভাসমান লাশের ভিডিও দেখে এটি কোহিনুরের লাশ হিসেবে দাবি করেছেন তার মা নাহার বেগম। কিন্তু লাশের সন্ধান না পাওয়ায় বিষয়টি নিয়ে রহস্য তৈরি হয়েছে।

এ ঘটনায় হৃদয় নামে অটোরিকশার এক চালককে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
নিখোঁজ কোহিনুর মিঠামইন উপজেলা সদরের তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম মৃত ফজলু মিয়া। সে মিঠামইন হেলিপ্যাডের পাশে মাইনুদ্দিনের কলোনিতে মা ও ভাইয়ের সাথে ভাড়া বাসায় থাকতো।

অন্যদিকে আটক হওয়া হৃদয় মিঠামইন বেড়িবাঁধ সংলগ্ন কাওসারহাটির মাইনুদ্দিনের ছেলে।

নিখোঁজ কোহিনুরের মা নাহার বেগম, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার (২৭ জুন) বিকাল ৪টার দিকে কোহিনুর প্রতিদিনের মতো হিন্দুপাড়ার কমল ম্যাডামের কাছে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়।

সন্ধ্যার পরও বাড়ি ফিরে না আসায় ম্যাডামের সঙ্গে যোগাযোগ করে নাহার বেগম জানতে পারেন, তার মেয়ে কোহিনুর প্রাইভেট পড়তে যায়নি। এরপর থেকে কোহিনুরের সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। কিন্তু কোনোভাবেই তার আর কোনো খোঁজ মিলছিলো না।

এ রকম পরিস্থিতিতে গত সোমবার (২৯ জুন) রাত ১০টার দিকে ঘোড়াউত্রা নদীর হামিদ পল্লীর পিছনে একটি লাশ দেখে স্থানীয় একজন তার মোবাইলে লাশটির ভিডিও ধারণ করেন এবং এলাকাবাসী পুলিশকে বিষয়টি জানান। এ খবরের ভিত্তিতে মিঠামইন থানার ওসি লিয়াকত আলীর নেতৃত্বে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলেও অনেক খোঁজাখুঁজি করেও তারা আর সেখানে লাশটি পাননি।

লাশের ভিডিও দেখে এটি কোহিনুরের বলে চিহ্ণিত করেন তার মা নাহার বেগম। এরপর মঙ্গলবার (৩০ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাশের সন্ধানে পুলিশ, নৌপুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তৎপরতা চালালেও লাশটির কোনো সন্ধান মিলেনি।

এদিকে প্রতিবেশীরা জানিয়েছেন, গত শনিবার (২৭ জুন) বিকালে রাস্তায় অটোচালক হৃদয়ের সাথে কোহিনুরকে তারা কথা বলতে দেখেছেন। কোহিনুরের সাথে হৃদয়ের সম্পর্ক ছিলো। এই তথ্যের ভিত্তিতে পুলিশ সোমবার হৃদয়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

মিঠামইন থানার ওসি লিয়াকত আলী জানান, লাশ উদ্ধারের জন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন। লাশটি উদ্ধার করার পর এ ঘটনার রহস্য উদঘাটন সহজ হবে। এ লক্ষ্যে পুলিশ কাজ করছে।

মিঠামইন'র অন্যান্য খবর

সর্বশেষ