বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে আনন্দ মিছিল করেছে যুবদল। মঙ্গলবার (৯ জুন) বিকালে জেলা যুবদলের উদ্যোগে বিপুল সংখ্যক নেতাকর্মী এই আনন্দ মিছিলে অংশ নেন।
জেলা শহরের রথখোলা এলাকা থেকে বের হওয়া আনন্দ মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন।
এছাড়া জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্নেল এবং জেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ নেতাকর্মী নিয়ে আনন্দ মিছিলে অংশ নেন।
বাদ্যযন্ত্রের তালে তালে আনন্দ মিছিলটি শহর প্রদক্ষিণ করে। এ সময় যুবদলের নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয় জেলা শহরের প্রধান প্রধান সড়ক।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করায় আনন্দ মিছিল থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়।
কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত আনন্দ মিছিল থেকে নবগঠিত কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এবং কিশোরগঞ্জ জেলা থেকে কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পাওয়া নেতাদের অভিনন্দন জানিয়ে তাদের নামে স্লোগান দেওয়া হয়।
জেলা যুবদলের নেতাকর্মীরা ছাড়াও কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদল, কিশোরগঞ্জ পৌর যুবদল এবং অন্যান্য ইউনিটের পক্ষ থেকে নেতাকর্মীরা বেশ কয়েকটি বিশাল মিছিল নিয়ে জেলা যুবদলের আনন্দ মিছিলে অংশ নেন।
এর মধ্যে শহরের নীলগঞ্জ মোড় থেকে কিশোরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেনের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের করা হয়। আনন্দ মিছিলটিতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন নিজেও অংশ নেন। মিছিলটি সবার নজর কাড়ে।