কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ১নং তালজাংগা ইউনিয়ন পরিষদ কার্যালয়টি এখন জরাজীর্ণ। কোনো সংস্কার না করায় দীর্ঘদিন ধরে কার্যালয়টি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ রকম পরিস্থিতিতে কার্যালয়টি থেকে সেবা নিতে গিয়ে ইউনিয়নের নাগরিকদের সব সময় আতঙ্কের মধ্যে থাকতে হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদের মূল কার্যালয়টির অবস্থা অত্যন্ত নাজুক। ভবনের বিভিন্ন কক্ষের দেয়ালের প্লাস্টার খসে পড়ছে, রঙ বিবর্ণ হয়ে পুরো ভবনজুড়ে এক ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেহাল দশা ওপরের চালের। মরিচা ধরা টিনের চালের অনেক স্থান পুরোপুরি আলগা হয়ে গেছে। ফলে বর্ষার মৌসুমে সামান্য বৃষ্টি হলেই ভেতরে পানি পড়ে। বৃষ্টির পানিতে গুরুত্বপূর্ণ নথিপত্র ভিজে যাওয়ার আশঙ্কায় কর্মকর্তা-কর্মচারীদের সবসময় তটস্থ থাকতে হয়। এছাড়া পরিষদের সামনের মাঠ ও আশপাশের পরিবেশও দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে।
তালজাংগা ইউনিয়ন পরিষদ ভবনটির এমনই জরাজীর্ণ চিত্র। সামান্য বৃষ্টিতেই ভেতরে পানি পড়ে, ব্যাহত হয় দাপ্তরিক কাজ। এই ভোগান্তির যেন কোনো শেষ নেই। কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের প্রাণহানির আশঙ্কায় ঝুঁকি নিয়ে-ই সেবাপ্রদান ও সেরা গ্রহণের কার্যক্রম চলমান। দ্রুত আধুনিক ইউনিয়ন কমপ্লেক্স ভবন নির্মাণ অথবা জরুরি সংস্কার করার দাবি জানিয়েছেন ইউনিয়নের নাগরিকগণ।
স্থানীয়রা জানান, এই ইউনিয়ন পরিষদটিই এলাকার হাজার-হাজার মানুষের একমাত্র সেবাকেন্দ্র। প্রতিদিন এখানে জন্ম নিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদসহ বিভিন্ন জরুরি সেবা নিতে শত শত মানুষ আসেন। কিন্তু ভবনটির এই কঙ্কালসার অবস্থার কারণে সেবা নিতে আসা সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা ইউনিয়ন পরিষদ ভবনের আধুনিকায়ন ও সংস্কারের প্রতিশ্রুতি দিলেও, ভোটের পর আর কেউ কথা রাখেন না। বছরের পর বছর পার হয়েছে, চেয়ারম্যান ও মেম্বার বদলেছে, কিন্তু তালজাংগা ইউনিয়ন পরিষদের ভাগ্যের চাকা ঘোরেনি।
ক্ষোভ প্রকাশ করে স্থানীয় এক বাসিন্দা বলেন, “একটি ইউনিয়নের প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রমের মূল কেন্দ্রই যদি এমন ধুঁকতে ধুঁকতে চলে, তাহলে এলাকার সামগ্রিক উন্নয়ন কীভাবে সম্ভব? আমরা কি কর দিয়েও একটি নিরাপদ ও আধুনিক ইউনিয়ন পরিষদ ভবন পাওয়ার যোগ্য নই?”
ঝুঁকিপূর্ণ এই ভবনে প্রতিনিয়ত আতঙ্ক বুকে নিয়ে দায়িত্ব পালন করছেন পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা। স্থানীয় সচেতন মহলের আশঙ্কা, ভবনটির দ্রুত সংস্কার বা নতুন করে পুনঃর্নিমাণ করা না হলে যেকোনো সময় ছাদ ধসে বড় ধরনের প্রাণহানি বা দুর্ঘটনা ঘটতে পারে।
এই উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়, কিশোরগঞ্জ জেলা প্রশাসন এবং তাড়াইল উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
তাদের জোর দাবি, জনস্বার্থ রক্ষার্থে এই ইউনিয়ন পরিষদের জন্য দ্রুত একটি আধুনিক 'ইউনিয়ন কমপ্লেক্স ভবন' নির্মাণ করা হোক অথবা বিদ্যমান ভবনটির জরুরি সংস্কারের ব্যবস্থা করা হোক।
তালজাংগাবাসীর এখন একটাই প্রশ্ন আর কতদিন অপেক্ষা করলে তারা একটি নিরাপদ, আধুনিক ও প্রকৃত অর্থেই সেবাবান্ধব ইউনিয়ন পরিষদ ভবন পাবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।