অলওয়েদার সড়ক দুর্ঘটনা ট্রাজেডি

দুই ঘন্টা পথ পাড়ি দিয়ে ১০ মিনিটের রাস্তা পেরোনো হলো না, ঈদের আনন্দ পরিণত হলো বিষাদে

বিজয় কর রতন | মিঠামইন
মে ২৬, ২০২৬
দুই ঘন্টা পথ পাড়ি দিয়ে ১০ মিনিটের রাস্তা পেরোনো হলো না, ঈদের আনন্দ পরিণত হলো বিষাদে

বাড়িতে বাবা-মা, স্বজনদের সঙ্গে ঈদ করবেন বলে স্ত্রী মুন্নি আক্তার (৩০) ও একমাত্র সন্তান মুহাম্মদ আয়ান (৮) কে নিয়ে কিশোরগঞ্জ শহরের বাসায় মধ্যাহ্নভোজ সেরে রওনা হয়েছিলেন মনির হোসেন (৩৫)। বাড়ির কাছাকাছি পৌঁছেছিলেনও।

কিন্তু বাড়ি থেকে মাত্র ১০মিনিটের দূরত্ব পেরোনো হলো না তাদের। বেপরোয়া গতির চালবোঝাই একটি পিকআপ ভ্যানের চাপায় মুহূর্তেই তছনছ সব। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজনেই।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কে ভাতশালা সেতুর কাছে চালবোঝাই পিকআপ ভ্যানের সাথে মনির হোসেনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মন্তুদ এই ঘটনাটি ঘটে।

নিহত মনির হোসেন মিঠামইন উপজেলার মহিষাকান্দি গ্রামের মো. সাফাজউদ্দিনের ছেলে। তিনি করিমগঞ্জ নোয়াবাদ এলাকায় সাইটুটা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। এছাড়া জেলা শহরে কোচিং সেন্টার পরিচালনা করতেন।

কিশোরগঞ্জের ওয়ালী নেওয়াজ খান কলেজ থেকে হিসাব বিজ্ঞানে স্নাতক মনির হোসেন পাঁচ ভাই-বোনের মধ্যে সবার বড় ছিলেন। ছোট ভাই আশরাফুল ইসলাম ইমন কিশোরগঞ্জ জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজে গণিতে অনার্স করছেন। অপর ভাই মিলাদ হোসেন ইতালি প্রবাসী।

মনিরের বাবা সাফাজ উদ্দিন বেপারি ধানের ব্যবসা করেন। মাতা আনোয়ারা বেগম গৃহিণী।

মা আনোয়ারা বেগম কান্না জড়িত কন্ঠে জানান, সোমবার (২৫ মে) সকালে মনিরের সাথে মোবাইল ফোনে কথা হয়েছে। দুপুরে খাবারের পর কিশোরগঞ্জ থেকে মোটরসাইকেলে স্ত্রী ও সন্তান নিয়ে গ্ৰামের বাড়ি মিঠামইনের মহিষারকান্দি গ্রামে আসবেন। কথা ছিল মঙ্গলবার (২৬ মে) মিঠামইনের হাট থেকে কোরবানির গরু কিনবেন।

কিন্তু ঘাতক গাড়ি চাপায় মুহূর্তের মধ্যে মনিরের সব আশা ভেঙে চুরমার করে দিয়েছে। স্ত্রী সন্তান নিয়ে আর বাড়ি ফেরা হলো না তার। তিনজনের প্রাণই কেড়ে নিয়েছে সড়ক দুর্ঘটনায় চাল ভর্তি পিকআপ গাড়িটি।

একমাত্র সন্তান আয়ান ও স্ত্রী মুন্নির বাড়িতে আশা নিয়ে কত আশা ছিলো। পরিবারের সাথে ঈদ করার ইচ্ছা ছিল। কিন্তু নিমিষেই জীবন প্রদীপ নিভে গেল, ঝরে গেলো তিনটি তাজা প্রাণ।

মনির পরিবার ও শিক্ষার্থীদের কাছে ছিলেন একজন পরিশ্রমী ও স্বপ্নবাজ মানুষ। স্ত্রী মুন্নি আক্তার ছিলেন সংসারের প্রাণ। ছোট আয়ান ছিলো বাবা-মায়ের চোখের মণি।

মনিরের মামাতো ভাই প্রতিবেশী পল্লব হাসান বলেন, আমাদের একই সঙ্গে পড়াশোনা ও বেড়ে ওঠা। জীবনে যতবার দেখা হয়েছে ততবার আমাকে জড়িয়ে ধরে আদর করতো। ও সবসময় বলতো আমার কোচিং সেন্টারে আসবি। কিশোরগঞ্জ থেকে দুই ঘন্টা পথ পাড়ি দিয়ে এসে মাত্র ১০ মিনিটের রাস্তা বাড়ি পৌঁছানো দূরত্বের কাছে হেরে গেল মনির সহ ৩টি তাজা প্রাণ। মা বাবার সাথে আর ঈদ করা হলো না।

এই পরিবারে এবার কোরবানি ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে। ৩টি কফিনের কাছে পরিবারের সদস্যদের শুধু আহাজারি। ৩টি ক্ষতবিক্ষত লাশ দেখে একটু পর পর ধড়ফড় করছে। মনিরের সাজানো স্বপ্নের সমাপ্তি হয়ে গেলো।

নিহত মনিরের প্রতিবেশীরা বলেন, এক সঙ্গে ৩টি তাজা প্রাণের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মহিষারকান্দি গ্ৰামে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পুরো এলাকা।

ছোট ভাই আশরাফুল চিৎকার করে বলেন, দুপুরে যে মানুষটি হাসিমুখে বাসা থেকে বেরিয়ে ছিল, সন্ধ্যায় ভাই-ভাবির নিথর দেহ ফিরবে কেউ কল্পনাও করতে পারেনি। এই দূর্ঘটনা শুধু ৩টি প্রাণই নেয়নি, শেষ করে দিয়েছে একটি পরিবারের সক স্বপ্ন, সব আশা। ছোট্ট আয়ানের অসমাপ্ত শৈশব, মায়ের স্নেহ, আর বাবার সংগ্ৰামের গল্প শুধু এখন স্মৃতি হয়ে থাকবে।

মনিরের শেষ বিদায়ে গ্ৰামের বাড়ি মহিষারকান্দি মাদ্রাসা মাঠে নামাজের জানাজায় সমাগম ঘটে হাজারো লোকের। তারা দোয়া, ভালোবাসা আর চোখের জলে শেষ বিদায় জানান মনির হোসেনকে।

মিঠামইন'র অন্যান্য খবর

সর্বশেষ