কিশোরগঞ্জের হাওরের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। নিহতরা হলেন, মনির হোসেন (৩৭), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) ও তাদের একমাত্র সন্তান মুহাম্মদ আয়ান (১০)। তারা সবাই মোটরসাইকেল আরোহী ছিলেন।
সোমবার (২৫ মে) সন্ধ্যায় ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কে ভাতশালা সেতুর কাছে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে মনির হোসেন মিঠামইন উপজেলার মহিষাকান্দি গ্রামের মো. সাফাজউদ্দিনের ছেলে। তিনি জেলা শহরে কোচিং সেন্টার পরিচালন করতেন। এছাড়া তিনি সর্বশেষ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, সন্ধ্যার দিকে মিঠামইন থেকে চালবোঝাই একটি পিকআপ ভ্যান অষ্টগ্রাম হয়ে ঢাকা যাচ্ছিল। অপরদিকে মোটরসাইকেল আরোহী মনির হোসেন স্ত্রী-পুত্রকে নিয়ে অষ্টগ্রাম থেকে মিঠামইনে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন।
পথে ভাতশালা সেতুর কাছে পিকআপটির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলের সবাই রাস্তায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ব্যারিকেড দিয়ে পিকআপ ভ্যানসহ চালককে আটক করে পুলিশে খবর দেয়।
আটক পিকআপ চালক মো. শরীফ মিয়া (২৫) জেলার করিমগঞ্জ উপজেলার সাদকখালি গ্রামের মো. আবু কালামের ছেলে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে। পিকআপটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।