পাকুন্দিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের তাগিদ

আবু হানিফ | পাকুন্দিয়া
নভেম্বর ১, ২০২৬
পাকুন্দিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের তাগিদ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় মাদক, কিশোর গ্যাং, চুরি, ইভটিজিং ও যানজট নিরসনের পাশাপাশি অবৈধ বালু উত্তোলন বন্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

সভায় শুরুতে প্রজেক্টরের মাধ্যমে বিগত মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং উপজেলা প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের চিত্র তুলে ধরা হয়। পরে গত এক মাসে উপজেলায় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বিবরণ তুলে ধরে স্বাগত বক্তব্য দেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন (পিপিএম)।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. আশরাফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবেদ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. এমদাদুল হক মাসুদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার, চরফরাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মানান, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছর উদ্দিন আহম্মেদ মানিক এবং হেফাজতে ইসলাম পাকুন্দিয়া উপজেলা শাখার আমির মাওলানা রশীদ আহমাদ জাহাঙ্গীর হুসাইনী প্রমুখ।

এ ছাড়া সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, সাংবাদিক ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

পাকুন্দিয়া'র অন্যান্য খবর

সর্বশেষ