কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে সভায় হাসপাতালের সার্বিক পরিস্থিতি, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
সভায় শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিস্থিতি ও সম্প্রতি গৃহীত বিভিন্ন পদক্ষেপের চিত্র তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুশফিকুর রহমান রাজিব।
সভায় বক্তব্য দেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. আশরাফুল ইসলাম এবং পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন।
এ ছাড়া সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত বিভিন্ন চিকিৎসক, সাংবাদিক ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান আরও উন্নত করা, রোগীদের ভোগান্তি কমানো এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।