কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবনের অপরাধে শাহীন আলম বাবু (৩০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত শাহীন আলম বাবু উপজেলার তারাকান্দি মধ্যপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, শাহীন আলম বাবু নিজ বাড়িতে বসে মাদক সেবন করছেন।
এ খবরের ভিত্তিতে পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁর বাড়িতে অভিযান চালায়।
এ সময় মাদক সেবনরত অবস্থায় শাহীন আলম বাবুকে আটক করা হয়। এছাড়া তার বসতঘরে তল্লাসি চালিয়ে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম, কয়েকটি দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এরপর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদক সেবনের দায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস বলেন, মাদক সেবনের বিষয়টি স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে এ দণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হচ্ছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন (পিপিএম) বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পুলিশ পাহারায় কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।