‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পাকুন্দিয়া পৌরসভার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পাকুন্দিয়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন পৌর প্রকৌশলী আঃ মান্নান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবেদ হাসান, সাবেক কাউন্সিলর মোস্তফা কামাল প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন পৌরসভার কমকর্তা কামচারীবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।
সভায় নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষ করে রোগ প্রতিরোধ, সুস্থ জীবনযাপন এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত ও সঠিক নিয়মে হাত ধোয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব। তাই পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রসহ সর্বত্র সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) সহযোগিতায় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় পাকুন্দিয়া পৌরসভা এ অনুষ্ঠানের আয়োজন করে।