বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে সমবেত হন। পরে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রায় নেতৃত্ব দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দিন।
শোভাযাত্রাটি পাকুন্দিয়া পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার সময় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়।
কর্মসূচিতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তৌফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান মাসুদ, ভিপি মো. কামাল উদ্দিন প্রমুখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
পাকুন্দিয়া পৌর বিএনপি’র সভাপতি এসএএম মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় ঐক্য সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।