কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বক্তব্য দেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান।
এতে অন্যদের মধ্যে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছর উদ্দিন আহম্মেদ মানিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান মাসুদ ও এমদাদুল হক মাসুদ, চণ্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামছুদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বার এবং হেফাজতে ইসলামী পাকুন্দিয়া উপজেলা শাখার আমীর মাওলানা রশীদ আহমেদ জাহাঙ্গীর হুসাইনীসহ অন্যরা আলোচনায় অংশ নেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মাদকদ্রব্যের বিস্তার রোধ, চুরি-ছিনতাই প্রতিরোধ, ইভটিজিং বন্ধ এবং গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। সমাজ থেকে মাদক, চুরি, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ নির্মূলে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
একই সঙ্গে অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন ও পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আইনশৃঙ্খলা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।