সৈয়দ নজরুল মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী

স্টাফ রিপোর্টার | শিক্ষা
আগস্ট ১, ২০২৬
সৈয়দ নজরুল মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উৎসবমুখর পরিবেশে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাতে মেডিকেল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মজিবর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব মো. আসিব আহসান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ডেন্টাল শিক্ষা) অধ্যাপক ডা. এ.এফ.এম. শহীদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মানবসম্পদ ব্যবস্থাপনা) ডা. মো. মাছুদুর রহমান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ চর্ম ও যৌন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. একরাম আহসান জুয়েল, কিশোরগঞ্জের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মো. নাজমুল করিম, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর ও নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. খালিদ আসাদ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত)ডা. সাইফুল ইসলাম এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মানবসম্পদ ব্যবস্থাপনা) আল মামুন আব্দুল্লাহ।

টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মীর সাদ সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সহকারী প্রক্টর ডা. এরশাদ আহসান সোহেল, সাবেক সিভিল সার্জন  ডা. আতিকুল সারোয়ার এবং কলেজের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় তিনি বলেন, চিকিৎসা শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ এবং সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মজিবর রহমান  শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পুরস্কার বিতরণী শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। গান, নৃত্য, আবৃত্তি ও অন্যান্য পরিবেশনায় অতিথিরা মুগ্ধ হন। প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শিক্ষা'র অন্যান্য খবর

সর্বশেষ