কুলিয়ারচরের ইউএনও’র উদ্যোগে ভেঙে যাওয়া পরিবারে ফিরলো শান্তি ও সম্প্রীতি

স্টাফ রিপোর্টার | কুলিয়ারচর
জুলাই ২০, ২০২৬
কুলিয়ারচরের ইউএনও’র উদ্যোগে ভেঙে যাওয়া পরিবারে ফিরলো শান্তি ও সম্প্রীতি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকারের আন্তরিক উদ্যোগ ও মানবিক হস্তক্ষেপে ভেঙে যাওয়ার পথে থাকা একটি পরিবারে ফিরে এসেছে শান্তি ও সম্প্রীতি। তাঁর সময়োপযোগী পদক্ষেপে স্বামী-স্ত্রীর দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে পুনরায় এক ছাদের নিচে বসবাসের সুযোগ সৃষ্টি হয়েছে। ইউএনও’র এই উদ্যোগটি সব মহলে প্রশংসা পাচ্ছে।

জানা যায়, কুলিয়ারচর পৌরশহরের নয়াগাঁও বেপারিপাড়া মহল্লার বাসিন্দা সানাউল্লাহ মিয়ার স্ত্রী জুলেখা আক্তার পারিবারিক বিরোধের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর ইউএনও মো. ইয়াসিন খন্দকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উভয় পক্ষকে তাঁর কার্যালয়ে ডেকে এনে ধৈর্য ধরে তাদের বক্তব্য শোনেন।

পরবর্তীতে পারস্পরিক আলোচনা, বোঝাপড়া এবং পারিবারিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে তিনি স্বামী-স্ত্রীর মধ্যে সৃষ্টি হওয়া দূরত্ব দূর করতে সক্ষম হন।

ইউএনও'র আন্তরিক প্রচেষ্টায় দুজনই অতীতের ভুল বোঝাবুঝি ভুলে নতুনভাবে সংসার শুরু করার অঙ্গীকার করেন।

শুধু পুনর্মিলনেই সীমাবদ্ধ থাকেননি ইউএনও। দাম্পত্য জীবনের নতুন সূচনাকে স্মরণীয় করে রাখতে তিনি দম্পতিকে একটি উপহারও প্রদান করেন।

তাঁর এমন মানবিক উদ্যোগে উপস্থিত সবাই সন্তোষ প্রকাশ করেন এবং ইউএনও'র এই ব্যতিক্রমী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, কুলিয়ারচর পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, সিনিয়র সাংবাদিক এডভোকেট মুহাম্মদ শাহ আলম, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, সাংবাদিক আলী হায়দারসহ বেপারিপাড়া মহল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা বলেন, প্রশাসনের এমন মানবিক উদ্যোগ শুধু একটি পরিবারকেই রক্ষা করেনি, বরং সমাজে পারিবারিক বন্ধন অটুট রাখতে ইতিবাচক বার্তা দিয়েছে।

তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও উপজেলা প্রশাসন এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে।

ইউএনও মো. ইয়াসিন খন্দকারের এই উদ্যোগ প্রমাণ করেছে, আন্তরিকতা, ধৈর্য ও মানবিক দৃষ্টিভঙ্গি থাকলে অনেক পারিবারিক সংকট আদালতের বাইরে আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব।

তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ কুলিয়ারচরবাসীর কাছে প্রশংসিত হয়েছে এবং মানবিক প্রশাসনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

কুলিয়ারচর'র অন্যান্য খবর

সর্বশেষ