কিশোরগঞ্জের করিমগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ আবু তাহের নামে ৯০ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করে মোবাইল কোর্টে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রি এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
দণ্ডিত আবু তাহের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের দেওপুর কাজলাহাটির মৃত ওয়াহেদ আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. এনায়েত হোসেন জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রি’র নেতৃত্বে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর বাজারের জালপট্টিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে ১০৫ গ্রাম গাঁজা ও এক পিস ইয়াবাসহ আবু তাহেরকে আটক করে মোবাইল কোর্ট আইনে মামলা দায়ের করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. ওবায়দুল্লাহ খান আসামি আবু তাহেরের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রি’র নিকট প্রসিকিউশন দায়ের করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রি মোবাইল কোর্টের মাধ্যমে আবু তাহেরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।