কিশোরগঞ্জে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনে রফিক-কবির-হানিফ পরিষদের ইশতেহার ঘোষণা

স্টাফ রিপোর্টার | রকমারি
জুন ১৫, ২০২৬
কিশোরগঞ্জে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচনে রফিক-কবির-হানিফ পরিষদের ইশতেহার ঘোষণা

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক (২০২৬-২০২৯) নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে রফিক-কবির-হানিফ পরিষদ। সোমবার (১৫ জুন) সন্ধ্যায় জেলা শহরের গৌরাঙ্গবাজারে অনলাইন নিউজ পোর্টাল কিশোরগঞ্জ নিউজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করা হয়।

ইশতেহার পাঠ করেন রফিক-কবির-হানিফ পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. ফজলুল কবির। এ সময় পরিষদের সভাপতি পদপ্রার্থী মো. রফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ পদপ্রার্থী মো. আবু হানিফ তার সঙ্গে ছিলেন।

আগামী ১৮ জুন শুক্রবার বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) কিশোরগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঘোষিত ইশতেহারে বলা হয়, নির্বাচনে রফিক-কবির-হানিফ পরিষদ জয়যুক্ত হলে বাপুস কিশোরগঞ্জ জেলা শাখা সম্পূর্ণ রূপে সংঘবিধি অনুযায়ী পরিচালনা করা হবে এবং সমিতিকে টেকসই প্রতিষ্ঠানে রূপ দান করার লক্ষ্যে সকল সদস্যের সক্রিয় অংশ গ্রহণের মাধ্যমে নিম্ন লিখিত পদক্ষেপ সমূহ গ্রহণ করা হবে-

সুষ্ঠুভাবে নীতিমালা বাস্তবায়ন করা হবে এবং যে কোন প্রতিকূল পরিস্থিতিতেও কিশোরগঞ্জ জেলার নীতিমালা অব্যাহত রাখা হবে।

বাপুস কিশোরগঞ্জ জেলা শাখার সদস্যদের অসুস্থতাজনিত বিবেচনায় সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সহায়তা প্রদান করা হবে।

সম্মানিত সদস্যগণের মরণোত্তর পারিবারিক সহায়তা ১ লক্ষ টাকা অব্যাহত থাকবে।

কোন সম্মানিত সদস্য পুস্তক ব্যবসা হতে অবসর (অব্যাহতি) নিলে দীর্ঘদিনের ব্যবসার বয়স অনুযায়ী যেমন (১০, ২০ ও ৩০ বছর) এককালীন ভাতা প্রদান করা হবে।

সকল সদস্যদের নিয়ে প্রতি বছর একবার আনন্দ ভ্রমণের আয়োজন করা হবে।

অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ার ক্ষেত্রে বিদ্যমান সর্বোচ্চ ১ লক্ষ টাকা অব্যাহত থাকবে।

অতি মহামারি অথবা দুর্যোগে সমিতির তহবিল হতে সদস্যদের সহায়তা প্রদান করা হবে। তদুপরি কোন সদস্যের যে কোন বড় দুর্যোগে সমিতির পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হবে।

বাপুস কিশোরগঞ্জ জেলা শাখার নিজস্ব অফিস ভবন/প্লট ক্রয়ের নিমিত্তে দীর্ঘ মেয়াদী কর্মসূচির অংশ হিসাবে আলাদা তহবিল গঠন করে অর্থ সংস্থানের সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাপুস কিশোরগঞ্জ জেলা শাখার সদস্যদের মেধাবী সন্তানদের মধ্যে নির্দিষ্ট পরিমাণ মেধাবৃত্তি প্রদান অব্যাহত থাকবে।

ত্রি-বার্ষিক কর্ম পরিকল্পনা ও বাজেট প্রণয়ন করা হবে এবং বাজেট ভিত্তিক তহবিল সংগ্রহ করে পরিকল্পনা অনুযায়ী ব্যয় করা হবে।

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সকল সদস্যদের মত প্রকাশের জন্য প্রতি বছর সাধারণ সভার আয়োজন করা হবে।

অভ্যন্তরীণ ও বহিরাগত অডিট টিম দ্বারা বার্ষিক অডিট নিশ্চিত করা হবে।

খুচরা ব্যবসায়ীদের সহায়ক ও গ্রামার/ব্যাকরণ বইয়ের সর্বনিম্ন ২৫% মুনাফায় ব্যবস্থা করার চেষ্টা অব্যাহত থাকবে।

নিয়মিত কার্যকরী কমিটি, নীতিমালা বাস্তবায়ন কমিটি ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত করা হবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে এবং সকল মিটিং-এর রেজুলেশন লিপিবদ্ধ করা হবে এবং পরবর্তী মিটিং-এ অনুমোদন করা হবে।

নবায়ন ব্যবস্থাপনা আধুনিকীকরণ করা হবে। প্রতি মাসের ৫ তারিখের মধ্যে পূর্ববর্তী মাসের হিসাব WhatsApp গ্রুপে দেওয়া হবে এবং নোটিশ বোর্ডে টানানো হবে।

অফিসে একজন সচিব নিয়োগ প্রদান করা হবে।

সমিতির সদস্যদের গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করা হবে। সকল সদস্যদের সুচিন্তিত মতামতকে গুরুত্ব প্রদান ও মূল্যায়ন করা হবে।

সমিতির তথ্য আদান-প্রদানকে আধুনিকীকরণ করা হবে যেন নীতিমালা সহ সকল তথ্য আদান প্রদান করা যায়।

সমিতির সকল উৎসাহী সদস্যকে যোগ্যতা অনুযায়ী নেতৃত্ব দানের সুযোগ সৃষ্টি করা হবে।

সর্বোপরি বাপুস কিশোরগঞ্জ জেলা শাখার সদস্যদের সার্বিক মঙ্গল ও উন্নতির লক্ষ্যে আরও নতুন নতুন কর্মকাণ্ড হাতে নেওয়া হবে।

ইশতেহারের বিষয়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. ফজলুল কবির বলেন, ইশতেহারে বর্ণিত কর্মকাণ্ডসমূহ আমাদের দ্বারাই বাস্তবায়ন করা সম্ভব। সকল সদস্য রফিক-কবির-হানিফ পরিষদের কাছেই নিরাপদ। সুতরাং আমরা আপনাদের রায় প্রত্যাশী।

রকমারি'র অন্যান্য খবর

সর্বশেষ