কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে নাজমুল (২০), মিরাজ (২০) ও মো. আব্দুল আলিম (২৩) নামে তিন যুবককে গাঁজাসহ হাতেনাতে আটকের পর তাদেরকে মোবাইল কোর্টে প্রত্যেককে জেল-জরিমানা করা হয়েছে।
বুধবার (৩ জুন) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা এবং শেখ শোয়েব ইবনে রেজা পৃথক মোবাইল কোর্টে তাদের সাজা দেন।
তিনজনকেই ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।
সাজাপ্রাপ্তদের মধ্যে নাজমুল কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের চর মারিয়া গ্রামের মো. কেন্তু মিয়ার ছেলে, মিরাজ গাজীপুর সদর উপজেলার সিরিরচালা গ্রামের মৃত মো. নয়নের ছেলে এবং মো. আব্দুল আলিম ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার আছিম পাটুলী গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজাসহ নাজমুল, মিরাজ ও মো. আব্দুল আলিমকে আটক করে মোবাইল কোর্ট আইনে মামলা দায়ের করে।
পৃথক মোবাইল কোর্টে বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা এবং শেখ শোয়েব ইবনে রেজা তাদেরকে জেল-জরিমানা করেন।
পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়।