দেশব্যাপী শিশু-কিশোরদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়েছে কিশোরগঞ্জের ইটনা উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী অনলাইনেও সারা দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসরের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন ইটনা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং তৃণমূল পর্যায় থেকে ক্রীড়ার বিকাশ ঘটানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ আয়োজনের মাধ্যমে গ্রামাঞ্চলের শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইটনা উপজেলা প্রশাসনের ভার্চুয়াল অংশগ্রহণের সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও উপজেলা বিএনপি সভাপতি এসএম কামাল হোসেন, সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তারা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন।