সৌদি আরব যাবে একমাত্র ছেলে নিরব (২৫)। সবাইকে ছেড়ে ছেলে দূরদেশে চলে যাবে- এই কষ্ট বুকে চেপেও সচ্ছলতার স্বপ্ন বুনছিলেন বাবা-মা। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ঘটেছে মর্মন্তুদ ঘটনাটি।
ছেলেকে ঢাকায় বিমানে তুলে দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন বাবা ও প্রবাসগামী ছেলেও। এতেই তছনছ হয়ে গেছে পরিবারটি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের ভৈরব-ময়মনমিংহ আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট এলাকায় ঘটে সড়ক দুর্ঘটনাটি। পণ্যবাহী লরির ধাক্কায় ধুমড়ে-মুচড়ে যায় নিরব আর তার বাবা-মায়ের গাড়িটি।
এতে গুরুতর আহত হয়ে মারা যান নিরবের মা মোছা. জয়বাহার (৪৫)। নিহত মোছা. জয়বাহার কিশোরগঞ্জের ইটনা উপজেলার সদর ইউনিয়নের পূর্বগ্রাম শান্তিপুর গ্রামের রাশিদ মিয়ার স্ত্রী।
আগামী শুক্রবার নিরবের সৌদি আরব যাওয়ার কথা ছিল। মাকে হারিয়ে পুরো পরিবারটি এখন শোকের সাগরে ভাসছে।
মো. নিরবের বাবা রাশিদ মিয়া বলেন, ছেলেকে বিদেশ পাঠানোর জন্য ঋণ করে ৪ লাখ ৮০ হাজার টাকা জোগাড় করেছিলাম। এখন স্ত্রীকে হারিয়ে সব শেষ হয়ে গেছে।
পরিবার সূত্রে জানা গেছে, রাশিদ মিয়া ও জয়বাহারের তিন মেয়ে ও এক ছেলে। ছেলেকে বিদেশ পাঠিয়ে পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তনের স্বপ্ন দেখছিলেন তারা।
কটিয়াদী হাইওয়ে থানার পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ নবীনুর রহমান জানান, দুর্ঘটনার অভিযোগ পাওয়ার পরেই জড়িত পণ্যবাহী গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।